শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি,
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের বাগানবাড়ি এলাকার রায়েরচালা বাজারে মাদ্রাসার নাম ভাঙিয়ে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড ও পরিবারের সদস্যদের ওপর নির্যাতনের অভিযোগে হাফেজ ক্বারী মো. আব্দুল আলীম রুহির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তার পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আব্দুল আলীমের উচ্ছৃঙ্খল চলাফেরা, আচরণ ও বিভিন্ন কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ। তার বিরুদ্ধে আপন বোন মোরশেদা, বোনজামাই মুমিন ও বড় ভাইয়ের স্ত্রী লিপি আক্তারের ওপর হামলা ও শারীরিক নির্যাতনের অভিযোগও করেন তারা। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন স্বজন ও স্থানীয়রা।
এলাকাবাসী আরও অভিযোগ করেন, বাগানবাড়ী এলাকায় আব্দুল আলীম ‘দারুল আকরাম মহিলা মাদ্রাসা’ পরিচালনা করেন। মাদ্রাসার নাম ব্যবহার করে বিভিন্ন স্থান থেকে অনুদান সংগ্রহ করে তা ব্যক্তিগতভাবে ভোগ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
মানববন্ধন থেকে এসব অভিযোগের বিষয়ে প্রশাসনের দ্রুত দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান পরিবারের সদস্য ও এলাকাবাসী।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮