মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর পূর্বপাড়া এলাকায় মালেক স্পিনিং কারখানার তুলার গুডাউনে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় কারখানার আগুন নিভাতে গিয়ে মোতালেব হোসেন নামের এক শ্রমিক দগ্ধ হয়েছে। আগুনে ওই কারখানার তুলার গুাডাউনের তুলাসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। দগ্ধ শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের সফিপুর পূর্বপাড়া এলাকায় মালেক স্পিনিং নামের একটি সুতা তৈরি কারখানার তুলার গোডাউনে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এসময়ে কারখানার শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে গিয়ে মোতালেব হোসেন নামের এক শ্রমিক দগ্ধ হয়। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনেটে পাঠিয়েছে।
কারখানা শ্রমিকরা জানান, ইলেকট্রিকাল ডিপার্টমেন্টের হেড মোতালেব আগুন নিয়ন্ত্রণের কাজ করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে দুইটি ইউনিট নিয়ে ওই কারখানায় গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮