শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি,
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীমকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (১৫ নভেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেলগেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে জুলাই-আগস্টের আন্দোলনসংক্রান্ত মামলাও রয়েছে। তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম।
সম্প্রতি কালিয়াকৈরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ ও সফিপুর শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনায় নাশকতার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে। গত শনিবার (১৪ নভেম্বর) পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ ও ভাঙচুরের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করে কালিয়াকৈর থানা পুলিশ। এসব ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।
তবে আব্দুল আলীমের বিরুদ্ধে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত এসব নাশকতার ঘটনায় কোনো মামলা রয়েছে কি না কিংবা তিনি এসব ঘটনায় অভিযুক্ত কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮