উৎপল রক্ষিত,
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের নন্দীচালা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর, গবাদিপশু ও মালামাল পুড়ে গেছে। এতে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে জানা গেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নন্দীচালা গ্রামের অর্জুন মালোর বসতঘরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে তার বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ঘরে থাকা নগদ এক লাখ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। এতে তার আনুমানিক ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডে পাশের বাড়ির রাধাবল্লভ মালোর একটি ঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং অপর একটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। আগুনে তার দুটি গরু ও মাছ ধরার জালসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এতে তার আনুমানিক ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে পরিবারটির পক্ষ থেকে জানানো হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাধাবল্লভ মালোর গরুর ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই দুই পরিবারের ঘরবাড়ি ও মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ঘটনাস্থল পরিদর্শন করে বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খান বলেন, “আমি সরেজমিনে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিয়েছি এবং পরিষদের পক্ষ থেকে প্রাথমিকভাবে কিছু সহযোগিতা করেছি। পাশাপাশি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”
এদিকে সংশ্লিষ্ট ইউপি সদস্য বাহার উদ্দিন মেম্বার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, “আমি আমার দিক থেকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব।”
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার দুটি সরকারি ও বেসরকারি সহায়তার মাধ্যমে দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮