মো.ইমরান হোসেন হান্নান,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরে প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে চন্দ্রা - পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ওপর পুনরায় বসানো হয়েছে অবৈধ দোকান। ফলে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে। যানজটের কারণে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে যাত্রী। এছাড়া সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনাও ঘটছে প্রায়ই।
সরেজমিনে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ এলাকায় ব্যস্ততম মহাসড়ক হকারদের দখলে চলে গেছে। বিকাল গড়িয়ে সন্ধ্যা হলে মহাসড়ককে চেনার উপায় নেই। পল্লী বিদ্যুৎ এলাকায় আইমন টেক্সটাইল থেকে টিউলিপ কারখানা পর্যন্ত মহাসড়কে বিভিন্ন পণ্যসামগ্রীর দুই শতাধিক অবৈধ ভাসমান দোকান রয়েছে। এসব ভাসমান দোকান ও হকারদের কাছ থেকে নেতাদের নাম ভাঙিয়ে এক শ্রেণির চাঁদাবাজ প্রতিদিন ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা করে চাঁদা আদায় করছে। সিগারেটের এক দোকানদার জানান, তার দোকান থেকে প্রতিদিন ১৫০ টাকা, পাশের এক লুঙ্গি দোকানদারের কাছ থেকে ২০০ টাকা করে চাঁদা নেওয়া হয়।
মার্কেট ব্যবসায়ীদের অভিযোগ, মহাসড়কের পাশে মালিকানাধীন স্থায়ী মার্কেটের দোকান প্রতি ১০ থেকে ১২ লাখ টাকা অগ্রীম ও মোটা অংকের ভাড়া দিয়েও তাদের ব্যবসা ভালো হচ্ছে না। মহাসড়ক ও ফুটপাতের ওপর হকারদের অবৈধ দোকান থাকার কারণে মার্কেটের দোকানে বিক্রি অনেক কম হচ্ছে।
প্রশাসনের উদ্যোগে ইতিপূর্বে মহা-সড়কের ওপর ভাসমান দোকান উচ্ছেদ করার সাত দিন পর পুনরায় মহাসড়কটি হকারদের দখলে। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নিয়মিত ও কঠোর মনিটরিং না থাকার কারণে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮