শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি,
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা শুধু শিল্পাঞ্চল কিংবা ঐতিহ্যের জনপদ নয়, মেধা, মনন, নেতৃত্ব ও কর্মদক্ষতায়ও এ জনপদের রয়েছে স্বতন্ত্র পরিচিতি। জাতীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কালিয়াকৈরের সন্তানদের সাফল্য ক্রমেই এ জনপদের মর্যাদা বাড়িয়ে চলেছে। এরই ধারাবাহিকতায় কালিয়াকৈরের চার কৃতী সন্তান জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করায় এলাকাবাসীর মধ্যে আনন্দ, গর্ব ও নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে।
তাঁরা হলেন—
১. মো. মজিবুর রহমান — জাতীয় সংসদ সদস্য।
জনপ্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে দায়িত্ব পালন করছেন মজিবুর রহমান। জাতীয় পর্যায়ে আইন প্রণয়ন, জনস্বার্থ সংরক্ষণ এবং এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরার গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁর কাঁধে।
২.চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী — প্রশাসক, গাজীপুর জেলা পরিষদ।
গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়া চৌধুরী ইশরাক সিদ্দিকীর সামনে রয়েছে জেলার উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ।
৩. হুমায়ুন কবির খান — সাধারণ সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন।
দেশের সড়ক পরিবহন খাতের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন হুমায়ুন কবির খান। পরিবহন শ্রমিক ও সংশ্লিষ্ট পেশাজীবীদের স্বার্থ রক্ষা, সাংগঠনিক ঐক্য এবং পরিবহন খাতের শৃঙ্খলা প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ।
৪. কাজী সাইদুল আলম বাবুল — চেয়ারম্যান, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ।
গাজীপুরের পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামোগত উন্নয়ন, ভূমি ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব নগর পরিকল্পনা বাস্তবায়নের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন কাজী সাইদুল আলম বাবুল। তাঁর নেতৃত্বে গাজীপুরের টেকসই ও পরিকল্পিত উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে প্রত্যাশা করছেন সচেতন মহল।
দায়িত্বের পাশাপাশি প্রত্যাশারও ভার
চারজনের দায়িত্বের ক্ষেত্র আলাদা হলেও তাঁদের সঙ্গে জড়িয়ে আছে একই জনপদের পরিচয়—কালিয়াকৈর। একজন জাতীয় সংসদে, একজন জেলা প্রশাসনিক কাঠামোয়, একজন জাতীয় পরিবহন সংগঠনে এবং অন্যজন গাজীপুরের উন্নয়ন পরিকল্পনায় নেতৃত্ব দিচ্ছেন। তাঁদের এই অবস্থান কালিয়াকৈরের জন্য নিঃসন্দেহে গর্বের বিষয়।
তবে গুরুত্বপূর্ণ পদ অলংকরণই সাফল্যের চূড়ান্ত পরিচয় নয়; বরং দায়িত্ব পালনে সততা, দক্ষতা, জনসম্পৃক্ততা এবং দৃশ্যমান ইতিবাচক পরিবর্তনই একজন নেতৃত্বের প্রকৃত মূল্যায়ন নির্ধারণ করে। কালিয়াকৈরের সাধারণ মানুষের প্রত্যাশা, তাঁরা নিজ নিজ অবস্থান থেকে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কর্মসংস্থান, অবকাঠামো ও সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।
বিশেষ করে কালিয়াকৈরের দীর্ঘদিনের উন্নয়ন-প্রত্যাশা, নাগরিক সমস্যা ও সম্ভাবনাগুলো জাতীয় ও জেলা পর্যায়ে যথাযথ গুরুত্ব পাবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।
কালিয়াকৈরের চার কৃতী সন্তানের এই অর্জন হোক জনকল্যাণ, উন্নয়ন ও মানবিক নেতৃত্বের নতুন দৃষ্টান্ত। তাঁদের কর্মে সমৃদ্ধ হোক কালিয়াকৈর, এগিয়ে যাক গাজীপুর।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮