শওকত আলম, কক্সবাজার,
কক্সবাজার সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল আয়োজনকে কেন্দ্র করে সৈকতে যাতায়াতের পুরোনো একটি সড়ক বন্ধ করে দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। এতে স্থানীয় বাসিন্দা, প্রাতঃভ্রমণকারী ও পর্যটকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে হোটেল শৈবাল সংলগ্ন এলাকায় ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল’ আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শৈবাল পয়েন্টে যাওয়ার ঐতিহ্যবাহী সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গেট স্থাপন করা হয়েছে। পাশাপাশি কার্নিভালে প্রবেশের জন্য টিকিটের ব্যবস্থা রাখায় আগে উন্মুক্ত থাকা পথে সাধারণ মানুষের অবাধ চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবহৃত জনসাধারণের চলাচলের পথ তিন মাসের জন্য বন্ধ করে দেওয়া অযৌক্তিক। এতে সৈকতে যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। পাশাপাশি কার্নিভাল আয়োজনের নামে ঝাউগাছ কাটার অভিযোগও উঠেছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আয়োজনটি বর্জনের আহ্বান জানিয়েছে কক্সবাজার পরিবেশ আন্দোলন, আমরা কক্সবাজারবাসী, ইয়ুথ ইনভায়রনমেন্ট সোসাইটি (ইয়েস) ও স্থানীয় সচেতন নাগরিক সমাজ।
সচেতন মহলের আশঙ্কা, জনসাধারণের চলাচলের পথ বন্ধ রাখা এবং পরিবেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগের সুষ্ঠু সমাধান না হলে যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
স্থানীয়দের দাবি, পর্যটন বিকাশের নামে সাধারণ মানুষের সৈকতে প্রবেশাধিকার সীমিত করা গ্রহণযোগ্য নয়। তাই জনস্বার্থ বিবেচনায় শৈবাল পয়েন্টের পুরোনো সড়কটি উন্মুক্ত রাখা এবং পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮