এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দিদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করা, মাদকমুক্ত জীবনে উৎসাহিত করা এবং কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও ৬০ ঘণ্টাব্যাপী গার্মেন্টস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২১ সেপ্টেম্বর জেলা কারাগার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।
আলোচনা সভায় জেলা প্রশাসক বন্দিদের মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করে মাদকমুক্ত ও কর্মমুখী জীবনে ফিরে আসার আহ্বান জানান। তিনি বলেন, কারাগারে বই পড়ার চর্চা বাড়াতে ভালো বই পড়ে মানসম্মত রিভিউ দেওয়া বন্দিদের ইতোমধ্যে পুরস্কৃত করা হয়েছে।
এ ছাড়া কারাগার থেকে মুক্তির পর মাদকমুক্ত থাকা ১০ জন বন্দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করার ঘোষণা দেন তিনি। বন্দিদের কর্মদক্ষতা ও স্বাবলম্বিতা নিশ্চিত করতে গার্মেন্টসের কাজ বা অর্ডার থেকে অর্জিত লাভের ৫০ শতাংশ তাদের মধ্যে প্রদান করা হবে বলেও জানান জেলা প্রশাসক।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮