মোঃ মাওলাদ হোসেন মঈন, পিরোজপুর জেলা প্রতিনিধি,
‘হাত ধোয়ার নায়ক হোন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলার কাজী হারুন আর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তার ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ফয়সাল খান বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে হাত ধোয়ার সঠিক কৌশল ও প্রয়োজনীয় সময় সম্পর্কে ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) শিক্ষা দেন। তারা সাবান দিয়ে কিভাবে ধাপে ধাপে হাত পরিষ্কার করতে হয় এবং কতক্ষণ সময় ধরে (কমপক্ষে ২০ সেকেন্ড) হাত ধুতে হয়, তা শিক্ষার্থীদের সরাসরি দেখিয়ে দেন।
এরপর উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গণ ও আশেপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান, কাজী হারুনুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিথিকা সাহা, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম মনির, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি এনামুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮