আন্তর্জাতিক ডেস্ক,
সংসদে বক্তব্য দেওয়ার সময় কসোভোর ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তিকে লক্ষ্য করে একের পর এক ডিম ছুড়ে মেরেছেন বিরোধী দলের এক আইনপ্রণেতা।
ঘটনাকে কেন্দ্র করে সংসদে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হলে অধিবেশন সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হন স্পিকার।
শনিবার কসোভোর সংসদে এ ঘটনা ঘটে।
কুর্তি যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন রক্ষণশীল বিরোধী দল ‘অ্যালায়েন্স ফর দ্য ফিউচার অব কসোভো’—এএকের আইনপ্রণেতা টাইমা কাদরিজাই দাঁড়িয়ে চিৎকার করে বলেন, ‘আপনার জন্য লজ্জা!’
এরপরই তিনি প্রধানমন্ত্রীর দিকে একের পর এক ডিম ছুড়ে মারতে শুরু করেন।
হঠাৎ এমন পরিস্থিতিতে সংসদে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অধিবেশন সাময়িকভাবে স্থগিত করা হয়।
ঘটনার পর প্রতিক্রিয়ায় আলবিন কুর্তি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ চালিয়ে যাওয়ার জন্য যদি এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তাহলে তিনি সেই মূল্য দিতে প্রস্তুত।
তবে কসোভোর সংসদে এমন বিশৃঙ্খলার ঘটনা এবারই প্রথম নয়।
কুর্তির নেতৃত্বাধীন বামপন্থি ‘ভেতেভেনদোসজে’ বা ভিভি দলও অতীতে সংসদে একাধিকবার হট্টগোল ও বিক্ষোভের নেতৃত্ব দিয়েছে।
২০১৮ সালে এই দলের সদস্যরা সংসদ অধিবেশন চলাকালে কক্ষের ভেতর কাঁদানে গ্যাস ছুড়েছিলেন।
এর আগে ২০১৫ সালেও সংসদের ভেতরে একই ধরনের নজিরবিহীন প্রতিবাদের ঘটনা ঘটেছিল।
ফলে কসোভোর রাজনীতিতে সংসদীয় অধিবেশন ঘিরে উত্তেজনা ও বিক্ষোভের এই সংস্কৃতি নতুন নয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮