শওকত আলম:
কক্সবাজারের কলাতলী বাইপাস সড়কে উত্তরণের সামনে লারপাড়া এলাকায় সোমবার রাত ৮টা ৩০ মিনিটে দুই যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছে। আহতরা হলেন, শহর যুবদলের সদস্য সাইফুল ইসলাম,বাসটার্মিনাল যুবদলের সাংগঠনিক সম্পাদক ফারুক।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে মোটরসাইকেলযোগে এসে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হয়ে পড়ে গেলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
গুলিবিদ্ধ সাইফুল ইসলামকে জরুরি অবস্থায় ফুয়াদ আল খতিব হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে গুরুতর আহত ফারুককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পরপরই পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। তবে হামলার পেছনের কারণ, রাজনৈতিক উদ্দেশ্য নাকি পূর্ববিরোধ—এখনো কিছুই স্পষ্ট হয়নি।
শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী জয়নাল আবেদীন ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে বলেন
“এটি একটি সুপরিকল্পিত সন্ত্রাসী হামলা। সাইফুল ও ফারুক যুবদলের নিবেদিতপ্রাণ কর্মী। আমাদের নেতাকর্মীদের টার্গেট করে ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করছি। পাশাপাশি আহত দুই নেতার চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “ভয়ভীতি দেখিয়ে যুবদলকে দমিয়ে রাখা যাবে না। আমরা সংগঠিতভাবে এই অন্যায়ের বিরুদ্ধে মাঠে থাকব।”
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮