পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি,
নেত্রকোণার কলমাকান্দায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের সবাই কানে কম শুনতে পাচ্ছেন বলে জানা গেছে।
বুধবার ২৬ আগস্ট ভোররাতে উপজেলার মহিষাসুরা হাওরে এ ঘটনা ঘটে।
নিহত রতন দাস কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরান্জন দাসের ছেলে। তাঁর মায়ের নাম উমাতারা দাস। আহতরা হলেন একই এলাকার জয়সেন দাস ২৫, হৃদয় দাস ২২ ও দীননাথ দাস ৪৫। তাঁরা সবাই পেশায় মৎস্যজীবী।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, চারজন একটি নৌকায় করে নিয়মিত মাছ ধরতে মহিষাসুরা হাওরে যেতেন। বুধবার ভোররাতে হাওরে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাত হলে নৌকায় থাকা রতন দাস ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অপর তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
নিহতের স্বজনরা জানান, রতন দাসসহ তাঁরা নিয়মিত ওই হাওরে মাছ ধরতে যেতেন। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮