পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি,
রেশন, পেনশন, সারা বছর কাজ, প্রকৃত মৎস্যজীবীদের অধীনে জলমহল এবং ন্যায্য মজুরির নিশ্চয়তা চাই দাবিতে নেত্রকোণার কলমাকান্দায় বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ক্ষেতমজুরদের জন্য রেশনিং ব্যবস্থা চালু, পেনশন সুবিধা, সারা বছর কাজের নিশ্চয়তা ও ন্যায্য মজুরি বাস্তবায়নের দাবি জানানো হয়।
শনিবার (২৯ আগস্ট) দুপুর দুই ঘটিকার সময় কলমাকান্দা উপজেলার সিপিবির কার্যালয়ে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির উপজেলা কমিটির উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়,এবং সভা শেষে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কলমাকান্দা উপজেলা কমিটির সভাপতি সুবাশ হাজং এর সভাপতিত্বে এবং কমরেড রঞ্জন কুমার সাহার
সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিপিবি নেত্রকোণা জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আলকাছ উদ্দিন মীর, নেত্রকোনা জেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক কমরেড হাবিবুর রহমান, নেত্রকোনা জেলা ক্ষেতমজুর সমিতির সাংগঠনিক সম্পাদক রুপন কুমার সরকার (রুপক), কলমাকান্দা উপজেলা সিপিবির সভাপতি কমরেড সিদ্দিকুর রহমান, কলমাকান্দা উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড মৃত্যুঞ্জয় তালুকদার,দুর্গাপুর উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি কমরেড আজিম উদ্দিন,দুর্গাপুর উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শামছুল আলম খান, কলমাকান্দা যুব ইউনিয়নের সভাপতি শরিয়ত উল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন- ক্ষেতমজুর সমিতি প্রতিষ্ঠার পর থেকে ক্ষেতমজুর সমিতিসহ গ্রামীণ মজুরদের জন্য সারা বছর কাজ, ন্যায্য মজুরি, স্বাস্থ্যসেবা, সন্তানদের শিক্ষা, কর্মক্ষেত্রের নিরাপত্তা, ষাটোর্ধ্ব মজুরদের জন্য পেনশন এবং ভূমিহীনদের মধ্যে খাসজমি বণ্টনের মতো দাবিতে আন্দোলন চালিয়ে আসছে সংগঠনটি। তাছাড়া বাংলাদেশর কৃষি ও অর্থনীতিতে ক্ষেতমজুরদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও তারা ন্যায্য মজুরি, সারা বছর কাজ, খাদ্যনিরাপত্তা ও সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত। তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে রেশনিং ব্যবস্থা, পেনশন সুবিধা, সারা বছর কাজের নিশ্চয়তা এবং ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। ক্ষেতমজুরদের কাজ ও মজুরির অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি জমি ও বাসস্থানের অধিকারও নিশ্চিত করা জরুরি। এসব দাবি আদায়ে গ্রাম পর্যায় থেকে ক্ষেতমজুরদের সংগঠিত করে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
প্রধান অতিথি কমরেড ডা. দিবালোক সিংহ বলেন-এ দেশের প্রতিটি গণতান্ত্রিক ও অধিকার আদায়ের আন্দোলনে ক্ষেত মজুর ও মেহনতি মানুষ বুকের রক্ত ঢেলে দিয়েছে। অথচ স্বাধীনতার এত বছর পরেও গ্রামীণ মজুররা দুই মুঠো ভাত ও মর্যাদাপূর্ণ জীবনের জন্য সংগ্রাম করে যাচ্ছে।
তিনি আরও বলেন- আজকে কৃষি উপকরণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে কৃষক মার খাচ্ছে, আর অন্যদিকে কাজের অভাবে ক্ষেত মজুররা পথে বসছে। মেহনতি মানুষের শ্রমের উপযুক্ত মূল্য এবং ফসলের ন্যায্য দাম নিশ্চিত না করা হলে দেশের সামগ্রিক অর্থনীতি কোনো দিনই মজবুত হতে পারে না। বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, মুষ্টিমেয় লুটেরা ও সিন্ডিকেটের দৌরাত্ম্যে সাধারণ শ্রমজীবী মানুষের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে। এই বৈষম্যমূলক ও শোষণমূলক ব্যবস্থার পরিবর্তন ঘটাতে গ্রামীণ জনপদের খেটে খাওয়া মানুষকে বামপন্থি আদর্শের পতাকাতলে আরও সুসংহত ও শক্তিশালী হয়ে ওঠার আহ্বান জানান।
এসময় প্রতিনিধি সভায় উপজেলার বিভিন্ন গ্রাম কমিটির প্রতিনিধি ও ক্ষেতমজুর সমিতির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮