সাগর আহমেদ জজ, নেত্রকোনা প্রতিনিধি,
পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা, আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা এবং অপরাধ দমনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন কলমাকান্দা থানার ওসি মো. সোহেল রানা।
অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা ও কর্মমূল্যায়নের ভিত্তিতে তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মামলার রহস্য উদঘাটনসহ সার্বিক পুলিশি কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি এ স্বীকৃতি অর্জন করেন।
এ উপলক্ষে নেত্রকোণা জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান আনুষ্ঠানিকভাবে ওসি সোহেল রানার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে নেত্রকোণার পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর কলমাকান্দা থানা পুলিশের সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়। এ অর্জনে সহকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানান।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ওসি মো. সোহেল রানা বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়, বরং কলমাকান্দা থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতার ফসল। ভবিষ্যতেও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, জনগণের আস্থা অর্জন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যেতে চাই।”
তার এ অর্জনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংশ্লিষ্ট মহল অভিনন্দন জানিয়েছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮