মাহবুবুর রহমান (শান্ত),
জাতিসংঘের ৩১তম আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক আবু হাসান নাহিয়ান।
তিনি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। পাশাপাশি গবেষণা ও সংলাপভিত্তিক প্ল্যাটফর্ম ‘দ্য বাংলাদেশ ডায়লগ’-এর সঙ্গেও যুক্ত রয়েছেন।
আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হবে বৈশ্বিক এ জলবায়ু সম্মেলন। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক, জলবায়ু বিশেষজ্ঞ, গবেষক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং তরুণ সংগঠকেরা অংশ নেবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফর করবেন।
এবারের সম্মেলনে জলবায়ু অর্থায়ন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং বৈশ্বিক সহযোগিতা জোরদারের মতো বিষয় গুরুত্ব পাবে।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। নদীভাঙন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, বন্যা, খরা ও বাস্তুচ্যুতির মতো সংকট মোকাবিলা করছে দেশটি। এমন পরিস্থিতিতে বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের জলবায়ু সংকট, তরুণদের ভাবনা ও সম্ভাব্য সমাধান তুলে ধরার সুযোগ পাবেন তরুণ প্রতিনিধিরা।
সম্মেলনে অংশগ্রহণ প্রসঙ্গে আবু হাসান নাহিয়ান বলেন, কপ-৩১-এর মাধ্যমে বৈশ্বিক জলবায়ু নীতি, আন্তর্জাতিক সহযোগিতা ও জলবায়ু কূটনীতি সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ হবে। পাশাপাশি বিশ্বমঞ্চে বাংলাদেশের জলবায়ু বাস্তবতা এবং তরুণ প্রজন্মের চিন্তা ও প্রত্যাশা তুলে ধরতেও তাঁর অংশগ্রহণ ভূমিকা রাখবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮