তৌহিদ বেলাল
ব্যুরো চিফ কক্সবাজার।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৩ জন প্রার্থী। এদের মধ্যে ৫ জন রয়েছেন স্বতন্ত্র প্রার্থী।
মঙ্গলবার -২৮ নভেম্বর- বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম ও দলটির মহাসচিব আব্দুল আউয়াল মামুন স্থানীয় দলীয় নেতাদের মাধ্যমে চকরিয়া উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এছাড়াও স্বতন্ত্র প্রাথী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য জাফর আলম।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নিবাহী অফিসার (ইউএনও) জেপি দেওয়ান।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে এই আসনে এখন পর্যন্ত সাতটি রাজনৈতিক দলের আটজন নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দীন বলেন, :মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত সাতটি রাজনৈতিক দলের আটজন ও পাঁচজন স্বতন্ত্রসহ মোট ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।'
এই পর্যন্ত মনোনয়ন সংগ্রহকারীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বীর প্রতীক, দলটির মহাসচিব আবদুল আউয়াল মামুন, জাতীয় পার্টির (জেপি) বীর মুক্তিযোদ্ধা এ.এইচ সালাহ উদ্দিন মাহমুদ, ওয়ার্কার্স পাটির নেতা বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ বশিরুল আলম, জাতীয় পার্টির (এরশাদ) হোসনে আরা, তৃণমুল বিএনপির চৌধুরী আফতাব নুর, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ বেলাল উদ্দিন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোয়নপত্র সংগ্রহ করেছেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য জাফর আলম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারমান ফজলুল করিম সাঈদী, এএইচএম হেলাল উদ্দিন, শফিকুল ইসলাম ও শাহ নেওয়াজ চৌধুরী।