তৌহিদ বেলাল
কক্সবাজার:জেলা প্রতিনিধি।।
কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। অভিযানকালে চিহ্নিত দুই দালালকে ১০ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দন্ডিতরা হলেন- কক্সবাজার পৌরসভার ১১ নং ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়ার মৃত আবদুর রহিমের পুত্র আবদুস ছবুর (৩২) ও পেকুয়া উপজেলার শীলখালি ইউনিয়নের ছব্বির আহমদের পুত্র মনির উদ্দিন (৬০)।
সোমবার দুপুর থেকে দীর্ঘসময় এই অভিযান চালায় দুদক।
দুদকের কক্সবাজার জেলা সমন্বিত অফিসের উপপরিচালক রিয়াজ উদ্দিন জানান, কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসা সেবাপ্রত্যাশীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ নেয়া হচ্ছে- এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়। এসময় চিহ্নিত দুই দালালকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা শাহজাদী মাহাবুবা আটক দুই দালালকে ১০ দিন করে কারাদন্ড দেন।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট সৈয়দা শাহজাদী মাহাবুবা জানান, সরকারি কাজে বাধা প্রদান ও গ্রাহক হয়রানির অভিযোগে আটক দুই দালালকে দন্ডবিধি ১৮৬০ সালের ১৮৬ ধারায় উভয়কে ১০ দিন করে কারাদন্ড দেয়া হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮