শওকত আলম, কক্সবাজার প্রতিনিধি,
‘করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারে উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬। এ উপলক্ষে আলোচনা সভা ও সমবায় পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সমবায় দিবস ও সমবায় পণ্য মেলার উদ্বোধন করেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-২১-এর সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না, কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজ্জেদুর রহমান এবং কক্সবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আহমদ উজ্জ্বল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান। স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহযোগিতা, উদ্যোক্তা সৃষ্টি এবং সাধারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সমবায় একটি স্বনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
তারা বলেন, সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমবায়ের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সমবায়ী সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে স্থানীয় সমবায়ী, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সমবায় পণ্য মেলায় বিভিন্ন সমবায়ভিত্তিক উদ্যোগের উৎপাদিত পণ্য প্রদর্শন করা হচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮