তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারে স্ত্রী পরিচয়ে এক নারীকে আবাসিক হোটেলে তুলে হত্যার ঘটনায় ঘাতক গ্রেপ্তার হয়েছে। মোস্তাফিজুর রহমান (৫১) নামের ওই ব্যক্তিকে চট্টগ্রামের হাটহাজারি এলাকা থেকে শুক্রবার রাতে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান বাগেরহাট সদর উপজেলার আতাইকাঠি এলাকার আবদুল জব্বারের পুত্র।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তাফিজুর রহমান স্ত্রী পরিচয়ে ওই নারীকে নিয়ে হোটেলে উঠে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছেন।
জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি স্বামী-স্ত্রী পরিচয়ে এক নারীকে নিয়ে কক্সবাজার শহরের প্রধান সড়কের বাজারঘাটা এলাকায় ‘সি বার্ড’ নামের একটি হোটেলে উঠেন মোস্তাফিজুর রহমান। পরদিন হোটেল কক্ষের বাইরে তালা দিয়ে চলে যান মোস্তাফিজুর রহমান। পরে হোটেলের কর্মচারীরা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ তালা ভেঙে ওই নারীর মরদেহ উদ্ধার করে। তবে নিহত নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারি পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, নিহত ওই নারীর পরিচয় না পাওয়ায় ময়নাতদন্ত শেষে আনজুমানে মুফিদুল ইসলামের মাধ্যমে অজ্ঞাতপরিচয় হিসেবে দাফন করা হয়েছে। এ ঘটনার পর মোস্তাফিজুর রহমান পালিয়ে চট্টগ্রামের হাটহাজারিতে চলে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
নূরুল আবছার বলেন, 'গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান মাদক কারবারি। তার বিরুদ্ধে ঢাকা ও কক্সবাজারে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় বেশ কয়েকবার গ্রেপ্তারও হন তিনি। নিহত নারীর সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক ছিলনা। শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য স্বামী-স্ত্রী পরিচয়ে তারা হোটেলে উঠেন'।
র্যাবের এই কর্মকর্তা বলেন, 'আগেও অন্য নারীদের নিয়ে মোস্তাফিজুর রহমান একাধিকবার বিভিন্ন হোটেলে গিয়েছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। ওইদিন বাকবিতন্ডার জেরে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে'।
মোস্তাফিজুর রহমানকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮