শওকত আলম, কক্সবাজার,
কক্সবাজারে মাদক পাচারের অভিনব কৌশল ব্যর্থ করে সিএনজি অটোরিকশা থেকে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে ছলিম উল্লাহ নামে এক ব্যক্তি ও তাঁর এক অজ্ঞাতনামা সহযোগী পালিয়ে যান বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
রোববার (১১ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে কক্সবাজার সদর থানাধীন দক্ষিণ খুরুলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১৫-এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা বাড়িয়ে বিশেষ অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি ফেলে ছলিম উল্লাহ ও তাঁর এক অজ্ঞাতনামা সহযোগী দ্রুত পালিয়ে যান।
পরে পরিত্যক্ত সিএনজি অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে সু-কৌশলে লুকিয়ে রাখা ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন এসআরবি সদস্যরা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়।
এ ঘটনায় পলাতক ছলিম উল্লাহ ও অজ্ঞাতনামা আরও একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা ইয়াবাসহ সংশ্লিষ্ট আলামত থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।
এসআরবি-১৫ আরও জানায়, মাদক কারবারি ও অপরাধীদের আইনের আওতায় আনা এবং মাদকের বিস্তার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮