নুর মোহাম্ম, কক্সবাজার:
কক্সবাজার সদর উপজেলায় এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ ১৯০ জন মেয়েশিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রুম টু রিড বাংলাদেশ।
সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টায় কক্সবাজার সদর উপজেলা অডিটরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সদর উপজেলার ৫টি স্বনামধন্য মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ ছাত্রী, তাদের শিক্ষক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। কৃতী শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত ১২ জনকে সম্মাননা স্বরূপ বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়।
রুম টু রিড বাংলাদেশ-এর জেন্ডার ইকুয়ালিটি পোর্টফোলিও ম্যানেজার ইফফাত জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলুফা ইয়াসমিন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রুম টু রিড কক্সবাজার অফিসের ম্যানেজার চিত্তপ্রিয় আচার্য্য। এতে মূল আলোচক হিসেবে বক্তব্য দেন কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম। শিক্ষার্থী রাইধা রহমান রশ্নি ও রেহেনা মোস্তাকী শোভার সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকেও প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নীলুফা ইয়াসমিন চৌধুরী কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “এখন তোমাদের ক্যারিয়ার গঠনের সময়। বাল্যবিবাহ নয়, উচ্চশিক্ষা গ্রহণ করে নিজেকে এগিয়ে নিতে হবে। নিজের চ্যালেঞ্জগুলো তোমাদেরই মোকাবিলা করতে হবে এবং সফলতা অর্জন করতে হবে।” তিনি মেয়েদের শিক্ষায় এমন উৎসাহব্যঞ্জক আয়োজনের জন্য রুম টু রিডের প্রশংসা করেন।
জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, “মেয়েদের মাধ্যমিক শিক্ষায় টিকিয়ে রাখতে এবং শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে রুম টু রিডের ভূমিকা গুরুত্বপূর্ণ। আজকের মেয়েরা আগামী দিনের নেতৃত্ব দেবে।”
সভাপতির বক্তব্যে ইফফাত জেরিন বলেন, “এসএসসি কৃতকার্য শিক্ষার্থীরা জীবনের লক্ষ্য স্থির রেখে শিক্ষায় মনোযোগী হলে শিক্ষার হার যেমন বাড়বে, তেমনি তারা দেশের উন্নয়নেও অবদান রাখতে পারবে।”
উল্লেখ্য, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রুম টু রিড ২০০৮ সাল থেকে বাংলাদেশে শিশুদের পঠন দক্ষতা বৃদ্ধি এবং মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পন্ন ও জীবন দক্ষতা উন্নয়নের মাধ্যমে কার্যকরী সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে আসছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮