শওকত আলম, কক্সবাজার,
কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে ছিনতাইকারী সন্দেহে ২ জন, মাদক ব্যবসায়ী ১ জন, মাদক সেবনের অভিযোগে ৩ জন, বিভিন্ন ধর্তব্য অপরাধে ৮ জন এবং পরোয়ানাভুক্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ছিনতাইকারী সন্দেহে গ্রেপ্তার দুজন হলেন মহেশখালীর বড়মহেশখালীর সাতঘরিয়াপাড়ার বাসিন্দা মো. সাইফুল ইসলাম (৩৯), বর্তমানে কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পেশকারপাড়ায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন এবং পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টেকপাড়ার বাসিন্দা সাখাওয়াত বিন কাইয়ুম ওরফে আকাশ (২৮)।
পুলিশের তথ্যমতে, তাঁদের বিরুদ্ধে অতীতে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় ডাকাতির প্রস্তুতি ও ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার অভিযোগসংক্রান্ত মামলাও রয়েছে। তবে এসব মামলার বিচারিক নিষ্পত্তির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
অভিযানে মাদক ব্যবসার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কলাতলী লাইটহাউসপাড়ার বাসিন্দা মেহেদী হাসান হৃদয় ওরফে বাবু (২৫)কে। এ সময় তাঁর কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া মাদক সেবনের অভিযোগে সুমন ধর (৪০), রিসু কান্তি দে (৪১) ও মিলন কান্তি দাশ (৫৫)কে গ্রেপ্তার করা হয়।
বিভিন্ন ধর্তব্য অপরাধে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মুরাদ হাসান মাহি ওরফে কালু (১৯), নিরব হোসেন সাগর (২১), মো. একরামুল হক (৩২), আব্দুর রহিম (২৬), মোজাহারুল ইসলাম (২৮), মো. আবু তাহের ফাহিম (২০), মো. জমির উদ্দিন (৪০) ও আক্কাছ উদ্দিন (২১)।
অন্যদিকে, পরোয়ানাভুক্ত আসামি হিসেবে রাসেল ওরফে ডলার এবং জাহাঙ্গীর ওরফে ডন জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের একাধিক এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের চূড়ান্ত সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮