তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজার শহরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে জোড়া খুন মামলার রহস্য উদঘাটন, চব্বিশ ঘন্টার মধ্যে দু'জন হত্যাকারীকে গ্রেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার জেলা পুলিশের একাধিক টিম মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে শহরতলির খুরুশকুল এলাকা থেকে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের মূল আসামিদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার কেন্দ্রীয় বাসটার্মিনাল সংলগ্ন পূর্ব লারপাড়ার আবদুল খলিলের দুই পুত্র জয়নাল আবেদিন (৩২) ও কামাল উদ্দিন (২৮)।
কক্সবাজারের পুলিশ সুপার মোঃ মাহাফুজুল ইসলাম মঙ্গলবার (১৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে জানান- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) অলক বিশ্বাস ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একাধিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির ব্যবহার করে জোড়া খুন মামলার রহস্য উদঘাটন, হত্যাকান্ডের চব্বিশ ঘন্টার মধ্যে দু'জন হত্যাকারীকে গ্রেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো চাকু ও লোহার রড উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়- কক্সবাজার শহরতলির খুরুশকুলে ঘাতক কামালের শ্বশুরবাড়ির পাশের একটি বাড়ি থেকে আসামি জয়নাল আবেদিন ও কামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। মামলার অন্যতম আসামি ও ঘাতক আতিককে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।
ঘটনার সূত্রে জানা যায়, গেল সোমবার (১৬ জানুয়ারি) রাত এগারোটার দিকে কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাসটার্মিনাল সংলগ্ন পূর্ব লারপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের মাঠে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে স্থানীয় আবদুল খলিলের পুত্র আতিকের সাথে একই এলাকার কায়ছার হামিদ ও মফিজুল ইসলামের মধ্যে হাতাহাতি হয়। এর এক পর্যায়ে আতিক তার ভাই কামাল উদ্দিন ও জয়নাল আবেদিনকে খবর দিয়ে ডেকে এনে সাইদুলকে হাতে, বুকে ও পিটে ছুরিকাঘাত করে। চাচাতো ভাই সাইদুলকে বাঁচাতে কায়ছার এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে হামলাকারীরা। এছাড়া তাদের আরেক ভাই মফিজকেও ছুরিকাঘাত করে ঘাতকের দল। আত্মীয় স্বজন ও স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কায়ছার হামিদ ও সাইদুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মফিজ এখনো চিকিৎসাধীন রয়েছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮