শওকত আলম, ককসবাজার:
বিশ্বব্যাপী চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত দুর্নীতি রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছরের মতো এবারো কক্সবাজারে পালন করা হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস–২০২৫। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা”—এই বার্তাকে সামনে রেখে মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল ৯টায় শহীদ দৌলত ময়দানে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন কক্সবাজার জেলা পুলিশ সুপার জনাব এ.এন.এম. সাজেদুর রহমান। তিনি বলেন, “দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, এটি একটি সমাজের মূল্যবোধকে ধ্বংস করে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে সততা, নৈতিকতা ও দায়িত্ববোধের প্রতি আরও বেশি প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।”
তিনি আরও জানান, কক্সবাজার জেলা পুলিশ প্রশাসন দীর্ঘদিন ধরেই স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। জনগণের বিশ্বাস অর্জনে পুলিশের কাজের ক্ষেত্র আরও ডিজিটাল ও উন্মুক্ত হচ্ছে।
দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন—জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী,সরকারি বেসরকারি কর্মকর্তা,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি,জেলা পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা।তরুণ শিক্ষার্থীরা দুর্নীতিবিরোধী প্ল্যাকার্ড, ব্যানার ও শ্লোগান দিয়ে পুরো অনুষ্ঠানস্থলকে সচেতনতা বার্তায় মুখর করে তোলে।
উদ্বোধনী পর্ব শেষে অংশগ্রহণকারীদের নিয়ে “দুর্নীতিকে না বলি” শীর্ষক শপথ পাঠ করান জেলা পুলিশ সুপার। পরে দুর্নীতিবিরোধী মানববন্ধন, সচেতনতা র্যালি এবং পোস্টার ক্যাম্পেইনের মাধ্যমে কর্মসূচি সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, কক্সবাজারের তরুণ প্রজন্মকে সমাজের প্রতিটি স্তরে সততা ও ন্যায়ের চর্চায় উদ্বুদ্ধ করা এ কর্মসূচির প্রধান উদ্দেশ্য। তারা বিশ্বাস করেন, সচেতন তরুণই পারে একটি দুর্নীতিমুক্ত, সুশাসন ভিত্তিক ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণ করতে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮