শওকত আলম, কক্সবাজার,
কক্সবাজারের রামুতে এসি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শেখ শহিদুল ইসলাম নয়ন নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শেখ শহিদুল ইসলাম নয়ন উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের রুহুল্লার ডেবা এলাকার বাসিন্দা শরীফ মাহমুদ চৌধুরীর ভাগিনা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি এসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আব্দুল মাজেদ জানান, সকালে তিনি বাড়ি থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। সকাল সাড়ে ১০টার দিকে মির্জা আলীর দোকান স্টেশন এলাকায় পৌঁছালে তাঁর চোখের সামনেই এসি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পরপরই নিহত যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরে তাঁর বুকে থাকা সোহাগ পরিবহনের একটি চাকরির পরিচয়পত্র থেকে প্রাথমিকভাবে শেখ শহিদুল ইসলাম নয়ন (Shaikh Sohidul Islam Noyon) নামটি জানা যায়।
এ বিষয়ে রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান ভূঁইয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮