বিনোদন ডেস্ক,
টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল বরাবরই রয়েছে। এবার প্রেম বা বিয়ে নয়, দীর্ঘদিনের গৃহসহকারী বুল্টির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে আলোচনায় এসেছেন তিনি। ১৫ বছর ধরে পাশে থাকা বুল্টিকে পরিবারের সদস্যের মতোই দেখেন অভিনেত্রী।
সম্প্রতি এক মঞ্চানুষ্ঠানে বুল্টিকে সঙ্গে নিয়ে তার প্রতি নিজের অনুভূতির কথা তুলে ধরেন মিমি। বুল্টিকে জড়িয়ে ধরে তিনি বলেন, ১৫ বছর ধরে বুল্টি তার সঙ্গে রয়েছে। হাসপাতালে থাকলেও পাশে থাকে সে। এমনকি নিজের দুঃখ-কষ্টের কথা মা-বাবার চেয়েও বুল্টি বেশি বোঝে বলে মনে করেন অভিনেত্রী।
মিমির আবেগঘন বক্তব্যে উপস্থিত দর্শকদের মধ্যে আবেগের সঞ্চার হয়। অনুষ্ঠানে বুল্টির পরিবারের সদস্যদের প্রতিও আন্তরিকতা প্রকাশ করেন তিনি। মিমি জানান, বুল্টির ভাই তার সঙ্গে ছবি তোলার ইচ্ছা প্রকাশ করেছেন। তাই তার ভাইয়ের সঙ্গে ছবি তোলার বিষয়টিও মঞ্চে উল্লেখ করেন অভিনেত্রী।
দীর্ঘ দেড় দশক ধরে মিমির ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের সঙ্গী বুল্টি। অসুস্থতা কিংবা কঠিন সময়ে পাশে থাকার পাশাপাশি অভিনেত্রীর পোষ্যদের দেখাশোনার দায়িত্বও পালন করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও মিমির সঙ্গে বুল্টির বিভিন্ন মুহূর্তের ছবি প্রায়ই দেখা যায়।
মঞ্চে বুল্টির প্রতি মিমির সম্মান ও ভালোবাসার প্রকাশ সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা পাচ্ছে। অনেকের মতে, দীর্ঘদিনের এই সম্পর্ক কর্মক্ষেত্রের গণ্ডি ছাড়িয়ে পারিবারিক বন্ধনে পরিণত হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮