নাদিম সরকার,
উৎসবমুখর পরিবেশ আর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক আহসান মঞ্জিল প্রাঙ্গণে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ডিএসসিসি আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
নতুন প্রজন্মের কাছে শেকড়ের পরিচয়ঃ
আহসান মঞ্জিলে এই আয়োজনের বিশেষ গুরুত্ব তুলে ধরে প্রশাসক বলেন, "নতুন প্রজন্মের কাছে ঢাকা শহরের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতেই এই নান্দনিক আয়োজন। আমাদের ইতিহাসের শিকড়ের সাথে বর্তমান প্রজন্মের সম্মিলন ঘটলেই বাঙালি সংস্কৃতি পূর্ণতা পাবে এবং বিকশিত হবে।"
সেবার মানসিকতায় উজ্জীবিত হওয়ার আহ্বানঃ
উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, "সিটি কর্পোরেশনের কাজ মূলত ২৪ ঘণ্টার সেবাভিত্তিক। বর্তমান নির্বাচিত সরকারের গতিশীলতা এবং জনসেবার চাপের কারণে আমাদের অনেক সময় সাপ্তাহিক ছুটির দিনেও কাজ করতে হচ্ছে। জনগণের সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য, তাই মাঠ পর্যায়ে আমাদের সার্বক্ষণিক সক্রিয় থাকতে হবে।" তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের স্পিরিট ও নির্দেশনার আলোকে নগরবাসীকে দ্রুত সেবা দিতে ডিএসসিসি বদ্ধপরিকর।
উন্নয়ন ও জনস্বাস্থ্য রক্ষায় বিশেষ গুরুত্বঃ
নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রশাসক আগামী দিনগুলোর জন্য ডিএসসিসির মশক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনের অগ্রাধিকারমূলক পরিকল্পনা ব্যক্ত করেন।
সাংস্কৃতিক আয়োজনঃ
মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই উৎসব চলে দুপুর পর্যন্ত, যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালিত ১২টি সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনমুগ্ধকর সংগীত ও নৃত্য পরিবেশন করেন। লোকজ সংস্কৃতি আর আধুনিকতার মেলবন্ধনে অনুষ্ঠানস্থল এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮