দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর পিছিয়ে দেওয়ার বিষয়ে চলতি অক্টোবরের মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাড়তি সময়কে কাজে লাগাতে সরকার সময়বদ্ধ কর্মপরিকল্পনা তৈরি করেছে বলেও জানান তিনি।
সোমবার (১৯ অক্টোবর) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) যৌথ আয়োজনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) ধাপ পার হওয়ার পর বাংলাদেশের উত্তরণ পেছানোর প্রস্তাব জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে (ইকোসক) তোলা হয়েছে। আগামী ২৪ নভেম্বরের নির্ধারিত সময়সীমার আগেই এ বিষয়ে সিদ্ধান্ত পাওয়া যাবে বলে তিনি আশাবাদী।
তিনি বলেন, উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় যথেষ্ট প্রস্তুতি না থাকায় তিন বছর বাড়তি সময় চাওয়া হয়েছে। এই সময়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির আলোচনা শেষ করার লক্ষ্য রয়েছে সরকারের। পাশাপাশি ২০২৬ ও ২০২৭ সালের মধ্যে আট থেকে দশটি দেশের সঙ্গে মুক্তবাণিজ্য বা সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি করার পরিকল্পনা রয়েছে।
ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে একক অনলাইন পোর্টালের মাধ্যমে ট্রেড লাইসেন্স দেওয়ার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। এ ছাড়া বিভিন্ন লাইসেন্সের মেয়াদ বাড়ানো, সরকারি সেবা ডিজিটাল করা এবং পরিদর্শন কার্যক্রম সমন্বয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে।
জ্বালানি সংকটকে নতুন বিনিয়োগের বড় বাধা উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, গ্যাস সরবরাহ বাড়াতে নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন ও গ্যাসকূপ খননের কাজ চলছে। একই সঙ্গে সৌরবিদ্যুৎ উৎপাদন এবং কৌশলগত জ্বালানি মজুত বাড়ানোর ওপরও গুরুত্ব দিচ্ছে সরকার।
সেমিনারে সভাপতিত্ব করেন ইআরএফের সভাপতি দৌলত আক্তার মালা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোস্তফা আবিদ খান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮