স্পোর্টস ডেস্ক,
ফ্রান্সের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে হারের পর কিলিয়ান এমবাপের আচরণে হতাশা প্রকাশ করেছেন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল। ম্যাচ শেষে সৌজন্যতা বিনিময়ের জন্য হাত বাড়ালেও এমবাপে তাকে উপেক্ষা করেন বলে অভিযোগ করেন তিনি।
ম্যাচের শেষ বাঁশির পর হ্যান্ডশেক করতে এগিয়ে যান গিল। তবে এমবাপে তার দিকে না তাকিয়েই চলে গেলে ক্ষুব্ধ হয়ে ফরাসি তারকার পিঠে বল ছুড়ে মারেন তিনি।
ঘটনার ব্যাখ্যায় গিল বলেন, ‘তাকে অভিনন্দন জানাতে চেয়েছিলাম। এজন্য হাত বাড়িয়েছিলাম। কিন্তু সে আমার দিকে তাকানোরও প্রয়োজন মনে করেনি। আমি একটু রেগে গিয়েছিলাম, তবে পরে নিজেকে শান্ত করেছি।’
তবে ক্ষোভের মাঝেও এমবাপের প্রশংসা করতে ভোলেননি প্যারাগুয়ের গোলরক্ষক। তিনি বলেন, ‘যাই হোক, তাকে অভিনন্দন। তার বিশ্বকাপ দারুণ যাচ্ছে। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ফ্রান্স অন্যতম ফেভারিট।’
ম্যাচে চারটি গুরুত্বপূর্ণ সেভ করেও পেনাল্টি থেকে এমবাপের গোল ঠেকাতে পারেননি গিল। এরপরও ম্যাচসেরা নির্বাচিত হওয়া এই গোলরক্ষক বলেন, ‘পেনাল্টি না হলে ম্যাচটি অতিরিক্ত সময়ে যেতে পারত। আমরা তাদের ভালোভাবেই নিয়ন্ত্রণে রেখেছিলাম এবং মাথা উঁচু করেই বিশ্বকাপ ছাড়ছি।’
অন্যদিকে ম্যাচ শেষে এমবাপে অভিযোগ করেন, প্যারাগুয়ে ‘কুৎসিত ফুটবল’ খেলেছে। তিনি বলেন, ‘আমরা জানতাম কী ধরনের ম্যাচ হবে। প্রয়োজন হলে আমরাও কঠিন ফুটবল খেলতে জানি। তারা ভেবেছিল আমরা শুধু সুন্দর ফুটবল খেলব, কিন্তু আমরা প্রস্তুত ছিলাম।’
ফ্রান্স কোচ দিদিয়ের দেশমও স্বীকার করেন, ম্যাচটি সহজ ছিল না। তার ভাষায়, ‘প্যারাগুয়ে সব ধরনের কৌশল ব্যবহার করেছে। আমরা মনোযোগ ধরে রেখেছিলাম বলেই জয় পেয়েছি।’
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮