আরিফ আহমেদ,
বরিশালের নার্সিং ইনস্টিটিউটের আন্দোলন ঘিরে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। অনিয়ম, দুর্নীতি ও শিক্ষার্থীদের অর্থ আত্মসাতের অভিযোগে শুরু হওয়া আন্দোলন এখন বহিষ্কার, হামলা, মামলা ও নিরাপত্তা সংকটে গড়িয়েছে। এরই ধারাবাহিকতায় আন্দোলনে সম্পৃক্ত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ২৩ নভেম্বর সোমবার বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীদের একটি অংশ। স্মারকলিপিতে IACIB নার্সিং ইনস্টিটিউটের পরিচালক জহিরুল ইসলামকে দ্রুত গ্রেফতার এবং অন্তু বিশ্বাসসহ আন্দোলনরত শিক্ষার্থীদের ব্যক্তিগত ও একাডেমিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
সোমবার বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি পেশ করেন। এ সময় তারা জহিরুল ইসলামকে গ্রেফতারের পাশাপাশি আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের ওপর হুমকি ও ভয়ভীতি বন্ধে পুলিশের কার্যকর পদক্ষেপ দাবি করেন। স্মারকলিপি গ্রহণকালে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কমিশনার আবু রায়হান মোঃ সালেহ শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, “যে যত বড় ক্ষমতাবানই হোক না কেন, পুলিশ তার দায়িত্ব পালন করবে।”
শিক্ষার্থীদের পক্ষে স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন ফাহিম আহমেদ, সুজয় শুভ, সোয়েবুর রেজা চৌধুরী ও উপমা। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বরিশালের DWF ও IACIB নার্সিং ইনস্টিটিউটে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় তৃতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু বিশ্বাসকে বহিষ্কার এবং হামলার শিকার হতে হয়েছে। এ ঘটনায় গত ২১ নভেম্বর বরিশাল কোতোয়ালি থানায় জহিরুল ইসলামকে এক নম্বর আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৫৬। এতে দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৫, ৩০৭, ৪২৭ ও ৫০৬(২) ধারার উল্লেখ রয়েছে।
এর আগে গত ২০ নভেম্বর অন্তু বিশ্বাসকে ঘিরে শিক্ষার্থীদের আন্দোলন ও হামলার অভিযোগ সামনে আসে। অন্তু IACIB নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। প্রতিষ্ঠানের অনিয়ম ও অতিরিক্ত ক্লিনিক্যাল প্র্যাকটিস ফি আদায়ের অভিযোগে গত এপ্রিল মাসে শিক্ষার্থীদের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর থেকেই তার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ।
অন্তুর অভিযোগ, ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে। শিক্ষার্থীদের দাবি, এ খাতে প্রায় ২৭ লাখ টাকা আদায় বা আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ঘটনায় গত ১৭ মে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত স্বপ্রণোদিত হয়ে মিস কেস নং ০২/২০২৬ দায়ের করেন এবং পুলিশকে তদন্তের নির্দেশ দেন।
স্মারকলিপিতে আরও অভিযোগ করা হয়েছে, IACIB নার্সিং ইনস্টিটিউটের পরিচালক জহিরুল ইসলাম বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকে একের পর এক নার্সিং প্রতিষ্ঠান পরিচালনার নামে অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে সন্ত্রাসীদের মদদ, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা থাকার কথাও উল্লেখ করেছেন শিক্ষার্থীরা। এসব অভিযোগের স্বাধীন যাচাই ও মামলাগুলোর বর্তমান অবস্থা তদন্তের দাবী করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের বক্তব্য, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে অন্তু বিশ্বাসকে প্রথমে বহিষ্কার করা হয়, পরে ধারাবাহিক হুমকি এবং সর্বশেষ হামলার ঘটনা ঘটে। গত ২ নভেম্বর প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রওশন জাহানের বহিষ্কারাদেশ জারির পর ৮ নভেম্বর অন্তু পরীক্ষার ফরম পূরণে বাধার মুখে পড়েন বলে অভিযোগ করেন। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অভিযোগের বিপরীতে অন্তু দাবি করেছেন, আন্দোলন ও মামলার সাক্ষী হওয়ার কারণেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়েছে, জহিরুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তারা পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বলে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবের কারণে অপরাধীরা নিরাপদে থাকলে অপরাধের মাত্রা আরো বাড়বে বলে আশঙ্কাও প্রকাশ করেছেন তারা। মামলার বাদী অন্তু বিশ্বাসসহ আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তা এবং শিক্ষাজীবন নিয়ে গভীর শঙ্কা জানিয়েছেন স্মারকলিপি দাতারা।
শিক্ষার্থীদের দাবি, শুধু মামলা গ্রহণ নয়, অভিযোগের দ্রুত তদন্ত, অভিযুক্তদের আইনের আওতায় আনা এবং আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের মতে, শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় কোনো শিক্ষার্থী যেন বহিষ্কার, হামলা কিংবা ভয়ভীতির শিকার না হন, তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।
এ অবস্থায় নার্সিং ইনস্টিটিউটের আন্দোলন আর কেবল অর্থ আদায় বা বহিষ্কারের অভিযোগে সীমাবদ্ধ নেই; তা এখন শিক্ষার্থীদের নিরাপত্তা, ন্যায়বিচার এবং শিক্ষার পরিবেশ রক্ষার প্রশ্নে পরিণত হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮