দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির নেত্রী সামান্তা শারমিন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের বিরোধিতাসহ দলের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন।
সামান্তা লেখেন, প্রায় এক বছর আগে এনসিপির জোট গঠনের প্রশ্নে তিনি ভিন্ন অবস্থান নিয়েছিলেন। তাঁর বক্তব্য, জামায়াতে ইসলামী নীতিগত বা কৌশলগত কোনো ক্ষেত্রেই মিত্র হওয়ার যোগ্য নয় এবং তাদের সঙ্গে জোট করতে এনসিপিকে কঠিন মূল্য দিতে হবে।
গত ২৩ অক্টোবর এনসিপি ঘোষিত নতুন কমিটিতে সামান্তাকে শুধু যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পদাবনতি হয়েছে বলে আলোচনা হয়।
পোস্টে সামান্তা জানান, গত ১১ মাস ধরে দলের অতীত কর্মকাণ্ড বিশ্লেষণ ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ, প্রস্তাব, বিতর্ক ও আলোচনার মাধ্যমে নিজের মতামত তুলে ধরেছেন। তাঁর মতে, দল ভুল পথে গেলে তা থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা রাজনৈতিক কর্তব্য। এ কারণে তিনি দলের অভ্যন্তরে মতাদর্শিক সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন।
তবে প্রায় এক বছরের সেই সংগ্রামের ইতি টানার ঘোষণা দিয়ে তিনি বলেন, এনসিপির পক্ষে দলের প্রতিষ্ঠাকালীন মূল্যবোধের প্রতি আর আন্তরিক থাকা সম্ভব বলে তিনি মনে করেন না।
সামান্তা আরও লেখেন, পদত্যাগের জন্য হয়তো আরও উপযুক্ত সময়ের অপেক্ষা করা যেত, কিন্তু সেই অপেক্ষা অর্থহীন। এনসিপি কখনো জামায়াতের সঙ্গে জোট ত্যাগের মতো সিদ্ধান্ত নিলেও পুরোনো রাজনৈতিক ধারা থেকে বেরিয়ে নিজস্ব পরিচয়, চিন্তা ও কর্মসূচি গড়ে তুলতে পারবে বলে তিনি মনে করেন না।
তিনি বলেন, পুরোনো ব্যবস্থার রাজনৈতিক দলগুলো রাষ্ট্রে নতুন ব্যবস্থা প্রতিষ্ঠার সহায়ক হবে না, বরং বাধা হয়ে দাঁড়াবে। দলের সঙ্গে তাঁর এতদিনের মতপার্থক্য ও আলোচনা এখন দলের সদস্য এবং দলীয় কাঠামোর বাইরের শুভানুধ্যায়ীদের সামনে তুলে ধরা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮