শওকত আলম, কক্সবাজার,
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টানা এক মাস ধরে জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন অবশেষে নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে কূপের মুখে ৩০ ইঞ্চি কেসিং স্থাপনের মাধ্যমে বিভিন্ন স্থান দিয়ে বের হওয়া গ্যাসের আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়।
বাপেক্স সূত্রে জানা গেছে, স্থাপিত কেসিংয়ের সঙ্গে বিশেষ ডাইভার্ট লাইন যুক্ত করে গ্যাস নির্গমনের পথ পরিবর্তন করা হয়। এর ফলে দীর্ঘ এক মাস ধরে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
তবে আগুন নিভে গেলেও কূপের কারিগরি কার্যক্রম এখনো শেষ হয়নি। পরবর্তী ধাপে ড্রিল পাইপ প্রবেশ করিয়ে আরও এক হাজার ফুট গভীরতা পর্যন্ত খনন করা হবে। এরপর গ্যাস নির্গমনের জন্য নির্ধারিত পথ তৈরি করে ভূতাত্ত্বিক ও সিসমিক জরিপ পরিচালনা করা হবে।
বাপেক্স জানিয়েছে, এসব জরিপের তথ্য বিশ্লেষণের মাধ্যমে কূপটিতে গ্যাসের মজুত ও উত্তোলনের সম্ভাবনা যাচাই করা হবে। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতেই পরবর্তী অনুসন্ধান কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর উখিয়ার ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ খননের সময় হঠাৎ ভূগর্ভ থেকে গ্যাস উদ্গিরণ শুরু হয়। একপর্যায়ে গ্যাসে আগুন ধরে গেলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর টানা এক মাস ধরে জ্বলতে থাকা আগুন নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়।
অবশেষে এক মাসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় এলাকায় স্বস্তি ফিরেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮