তৌহিদুল ইসলাম চঞ্চল,
২০২৬ সালের নির্বাচনি ইশতেহারে ঘোষিত সরকারি প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের বর্তমান অগ্রগতি ও মাঠ পর্যায়ের পরিস্থিতি জানাতে লালমনিরহাটে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়েছে জেলা প্রশাসন। আজ বুধবার দুপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে উন্নয়নের এই চিত্র তুলে ধরা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক গত মার্চ মাসে শুরু হওয়া জনকল্যাণমূলক কর্মসূচিগুলো এখন প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। বিশেষ করে হতদরিদ্র পরিবারগুলোর জন্য মাসিক দুই হাজার পাঁচশ টাকার সরাসরি সহায়তা এবং কৃষকদের জন্য স্মার্ট কার্ডের মাধ্যমে সেবার আধুনিকায়ন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয় যে প্রায় ১২ লাখ কৃষককে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের সুবিধা দেওয়া হচ্ছে এবং কৃষির উৎপাদনশীলতা বাড়াতে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের বিশাল কর্মযজ্ঞ দ্রুত এগিয়ে চলছে। এছাড়া পরিবেশ রক্ষায় ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বাস্তবায়নে জেলাজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করা হয়েছে।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, উন্নয়ন অগ্রযাত্রাকে ম্লান করতে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও গুজব ছড়ানোর চেষ্টা করছে এবং এই পরিস্থিতি মোকাবিলায় সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ওপর গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক বলেন, "জনগণের অংশগ্রহণ এবং তথ্যের সঠিক প্রবাহ নিশ্চিত করা গেলে ২০২৬ সালের এই ইশতেহার বাস্তবায়ন দেশের আর্থ-সামাজিক চিত্র বদলে দেবে"।
এসময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং তাঁরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ইশতেহার বাস্তবায়নে জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮