চঞ্চল,
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, "নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, আধুনিক কৃষি ব্যবস্থার উন্নয়ন এবং সমাজ থেকে মাদক ও বাল্যবিবাহের মতো অভিশাপ দূর করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য"।
শনিবার (১৪ মার্চ) লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নে এলজিইডি’র আওতাধীন ‘খেদাবাগ আরঅ্যান্ডএইচ-কাশিয়াবাড়ি প্রাইমারী স্কুল ভায়া চিরামালী জিপিএস’ সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
সড়ক উদ্বোধন শেষে মন্ত্রী জানান, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে এই সড়কটি স্থানীয় মানুষের যাতায়াত ও কৃষি পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি কেবল রাস্তাঘাট নির্মাণকেই যথেষ্ট মনে না করে মাদক ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধিগুলোকে সমূলে উৎপাটন করার ওপর বিশেষ জোর দেন।
এর আগে সকালে বড়বাড়িতে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে আয়োজিত এক সচেতনতামূলক র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এ অংশ নিয়ে তিনি বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার মাধ্যমেই একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়া সম্ভব”। একই দিন তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নবনির্মিত খেদাবাগ একরামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার একাডেমিক ভবন এবং বড়বাড়ি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন। এসব কর্মসূচিতে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাসসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুপুরে মন্ত্রী কুড়িগ্রাম সার্কিট হাউজে পৌঁছালে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর তিনি জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ও পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বির উপস্থিতিতে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
পরে কুড়িগ্রামের হলোখানা ইউনিয়নে বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্মিত বিশ্বের সর্ববৃহৎ কড়াই এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। আয়োজকরা জানান, ৭৭০ বর্গফুট আয়তনের এই বিশাল কড়াইয়ে একসঙ্গে প্রায় ১ লাখ মানুষের খাবার প্রস্তুত করা সম্ভব। অনুষ্ঠানের উদ্বোধন শেষে মন্ত্রী জানান, কুড়িগ্রাম ও লালমনিরহাটের মতো দুর্যোগপ্রবণ এলাকায় বন্যার সময় যখন মানুষ রান্না করতে পারে না, তখন এই কড়াই ব্যবহার করে দ্রুত বড় পরিসরে রান্না করা খাবার মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগকে সরকার ইতিবাচকভাবে দেখছে এবং ভবিষ্যতে ত্রাণ মন্ত্রণালয়ের কাজের সাথে এটি সমন্বয় করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই অনুষ্ঠানে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেলে ত্রাণমন্ত্রী লালমনিরহাটের বড়বাড়ি-বুড়িমারী জাতীয় মহাসড়কে তিনটি প্যাকেজভুক্ত রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করেন। সবশেষে তিনি বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে ‘সমতার ইফতার’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখানে কয়েক হাজার সাধারণ মানুষের সাথে ইফতারে শরিক হন মন্ত্রী।
এ সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সায়েদুল ইসলাম পাটোয়ারী সাজুসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম ফারুক সিদ্দিকী।
দিনভর এসব উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী কাজের মাধ্যমে মন্ত্রী বর্তমান সরকারের জনবান্ধব নীতির প্রতিফলন ঘটান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮