চট্টগ্রাম প্রতিনিধি,
সম্প্রতি 'সকালের চট্টগ্রাম অনলাইন'- নামক অনলাইন নিউজ পোর্টালে '৫১ দিন পর বদলি বাতিল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) আবারও স্বপদে বশির : বদলি ঠেকাতে তদবিরের অভিযোগ, স্বাস্থ্য অধিদপ্তরে প্রভাব খাটানোর প্রশ্ন' শিরোনামে প্রকাশিত সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে।দৈনিক সাঙ্গু, পিএসপি ভিশন নামের আরও দুইটি পত্রিকায়ও একই রকম ভিত্তিহীন 'সংবাদ' হুবহু প্রকাশিত হয়েছে।
উক্ত সংবাদে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) জনাব এস এম বশির উদ্দিনের বদলি আদেশ বাতিলের ঘটনাকে কেন্দ্র করে
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের(ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও আমার ( ড্যাবের
চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী) নাম জড়িয়ে তদবির ও প্রভাব বিস্তারের যে গুরুতর অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
১. গণমাধ্যমের দায়িত্বশীলতা ও সাংবাদিকতার নীতিমালা লঙ্ঘন:
একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। জনগণকে সঠিক তথ্য দেওয়া, সত্য উদঘাটন করা এবং সমাজে স্বচ্ছতা নিশ্চিত করাই এর মূল কাজ। কিন্তু 'সকালের চট্টগ্রাম অনলাইন' সেই দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছে।
একটি দায়িত্বশীল সংবাদের জন্য যেসব মৌলিক শর্ত অপরিহার্য তা হলো:
ক. তথ্যের সত্যতা যাচাই। কোনো অভিযোগ প্রকাশের পূর্বে সংশ্লিষ্ট কাগজপত্র, ডকুমেন্ট যাচাই করা।
খ. উভয় পক্ষের বক্তব্য গ্রহণ করা। অভিযুক্ত ব্যক্তির বক্তব্য না নিয়ে একপাক্ষিক সংবাদ পরিবেশন করা সাংবাদিকতার নীতিবিরোধী।
গ. প্রমাণ ভিত্তিক রিপোর্টিং করা। অনুমান, গুজব বা 'সূত্রের বরাতে' বলে কোনো ব্যক্তির সুনামে আঘাত করা দেশের প্রচলিত আইন বিরোধী।
অথচ প্রকাশিত সংবাদে এই তিনটি নীতির কোনোটিই মানা হয়নি। আরও দুঃখজনক হলো, সংবাদের মধ্যেই প্রতিবেদক স্বীকার করেছেন যে 'এই অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট কোনো প্রমাণ তার হাতে নেই।' প্রমাণ না থাকা সত্ত্বেও শুধুমাত্র চাঞ্চল্য সৃষ্টি ও ভিউ বাড়ানোর উদ্দেশ্যে দু'জন সম্মানিত ব্যক্তির নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করা হলুদ সাংবাদিকতা। যা দেশের প্রচলিত আইনেরও সুস্পষ্ট লঙ্ঘন।
আমরা মনে করি, গণমাধ্যমের কাজ মানুষকে বিভ্রান্ত করা নয়, বরং সত্যের আলোয় সমাজকে আলোকিত করা। কিন্তু এই সংবাদ পাঠকের মনে বিভ্রান্তি ও ভুল ধারণা সৃষ্টি করেছে।
২. ঘটনার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই:
আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, এস এম বশির উদ্দিনের বদলি বাতিল বা পুনঃবহালের বিষয়ে আমরা কোনো ধরনের তদবির, সুপারিশ, টেলিফোনিক যোগাযোগ বা রাজনৈতিক প্রভাব বিস্তারের কোন চেষ্টা করিনি। এ বিষয়ে আমাদের কোনো সম্পৃক্ততাই নেই।
৩. সুনাম ক্ষুণ্ণের ষড়যন্ত্র
আমাদের নাম ব্যবহার করে মিথ্যা অভিযোগ প্রকাশ করে সামাজিক, পেশাগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত অপচেষ্টা চালানো হয়েছে। এটি শুধু ব্যক্তি মানহানিই নয়, ড্যাবের মতো একটি বৃহৎ পেশাজীবী সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র।
এমতাবস্থায় আমরা:
ক. প্রকাশিত ভিত্তিহীন ও মানহানিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
খ. গণমাধ্যমের নীতি ও দায়িত্বশীলতা সম্পর্কে স্মরণ করিয়ে দিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একই প্রাধান্য ও গুরুত্বের সাথে যথাযথ প্রতিবাদ/সংশোধনী প্রকাশের জোর দাবি জানাচ্ছি।
গ. নিউজটি অনলাইন মাধ্যম থেকে অপসারণের দাবি জানাচ্ছি।
ঘ. অন্যথায় আমরা বাধ্য হয়ে মানহানির মামলাসহ প্রচলিত আইনে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করবো।
আমরা বিশ্বাস করি, প্রকৃত সাংবাদিকতা মিথ্যার কাছে মাথা নত করে না। আশা করি 'সকালের চট্টগ্রাম অনলাইন' সহ অন্যরা তাদের ভুল বুঝতে পেরে পেশাদারিত্বের পরিচয় দেবে।
নিবেদক:-
অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী
সাধারণ সম্পাদক
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)
চট্টগ্রাম জেলা শাখা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮