চঞ্চল,
অর্থাভাব আর স্বপ্নভঙ্গের শঙ্কায় থাকা লালমনিরহাটের ছয় মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ সুগম করে দিল জেলা প্রশাসন। ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের নামী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েও যারা টাকার অভাবে অনিশ্চয়তার মুখে ছিলেন, তাঁদের সহায়তায় মানবিক হাত বাড়িয়ে দিয়েছেন জেলা প্রশাসক।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ আয়োজনের মাধ্যমে এই সহায়তার চেক হস্তান্তর করা হয়। লালমনিরহাট জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান শিক্ষার্থীদের হাতে এই আর্থিক অনুদান তুলে দেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, "মেধা থাকার পরেও শুধুমাত্র অর্থের অভাবে কারো উচ্চশিক্ষা থেমে থাকবে না। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু মহোদয়ের দিকনির্দেশনায় আমরা 'আলোকিত লালমনিরহাট' গড়ার যে লক্ষ্য নিয়েছি, এই উদ্যোগ তারই অংশ। এই মেধাবীরাই একদিন জেলার মুখ উজ্জ্বল করবে।" তিনি আরও জানান, অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় প্রশাসনের এই কার্যক্রম সামনের দিনগুলোতেও জারি থাকবে।
ভর্তির খরচ জোগানো নিয়ে যখন পরিবারগুলোতে দুশ্চিন্তার কালো মেঘ ছিল, তখন প্রশাসনের এই পদক্ষেপ শিক্ষার্থীদের জন্য আশার আলো হয়ে দেখা দিয়েছে। কৃতজ্ঞতা প্রকাশ করে এক শিক্ষার্থী বলেন, "বিশ্ববিদ্যালয়ের সুযোগ পাওয়ার আনন্দ মাটি হতে বসেছিল অর্থাভাবে। প্রশাসনের এই সময়োপযোগী সাহায্য আমাদের নতুন করে বাঁচার প্রেরণা দিয়েছে।"
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল মিয়াসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮