নুর মোহাম্মদ, কক্সবাজার,
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২২-এ দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) বাস্তবায়িত এবং বিএইচএফের (BHF) সহায়তায় পরিচালিত ওয়াশ (WASH) প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের দুই সদস্যের একটি প্রতিনিধিদল।
বুধবার (১৮ নভেম্বর) ক্যাম্প-২২-এর ব্লক-বি, সাব-ব্লক-বি১ এলাকায় এ পরিদর্শন অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলে ছিলেন মিজ সঙ্গীতা প্যাটেল ও মিজ ফারাহ নাজ লাকি।
পরিদর্শনের শুরুতে প্রতিনিধিদলকে স্বাগত জানান ডিএসকের নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ। এ সময় উপস্থিত ছিলেন ডিএসকের যুগ্ম পরিচালক (প্রকল্প) প্রদীপ কুমার রায়, উপপরিচালক মো. আজিজুল হক, প্রকল্প ব্যবস্থাপক মো. এনাম সিদ্দিকী, সুমিত্রা তঞ্চঙ্গ্যাসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা।
পরিদর্শনকালে প্রতিনিধিদল প্রকল্পের আওতায় ল্যাট্রিনের মলবর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন এবং স্থানীয় জনগোষ্ঠীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি ওয়াশ কমিটির সদস্যদের সঙ্গে সভায় অংশ নিয়ে তাঁদের দায়িত্ব, কর্মপরিকল্পনা এবং কমিউনিটির সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে স্যানিটেশন সেবার স্থায়িত্ব নিশ্চিত করার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন।
এ ছাড়া পরিদর্শনের শেষ পর্যায়ে শিশুদের একটি দলের সঙ্গে পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন প্রতিনিধিদলের সদস্যরা। শিশুদের মধ্যে স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলা এবং পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির এ উদ্যোগ তাঁদের বিশেষভাবে আকৃষ্ট করে।
পরিদর্শন শেষে মিজ সঙ্গীতা প্যাটেল ভিজিটরস রেজিস্টারে তাঁর মন্তব্যে ওয়াশ কমিটির সদস্য, স্থানীয় জনগোষ্ঠী এবং বিশেষ করে শিশুদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ করে দেওয়ায় ডিএসকেকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে শিশুদের মধ্যে স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
ডিএসকে সংশ্লিষ্টরা জানান, কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ, স্থানীয় নেতৃত্বের বিকাশ এবং শিশুদের সম্পৃক্ততার মাধ্যমে নিরাপদ ও টেকসই ওয়াশ সেবা নিশ্চিত করতে তাঁদের কার্যক্রম অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮