শওকত আলম, কক্সবাজার,
কক্সবাজারের উখিয়ায় চাঞ্চল্যকর কিশোর হুমায়ুন কবির হত্যা ও মানব পাচার মামলার ২ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি আলী আহমদকে (৪০) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে এসআরবি-১৫, সিপিএসসি, কক্সবাজারের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার মরিচ্যা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, উখিয়ার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার ১৫ বছর বয়সী কিশোর হুমায়ুন কবিরকে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে একটি মানব পাচারকারী চক্র অবৈধভাবে সাগরপথে নিয়ে যায়। পরে স্বজনরা বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ জানালে চক্রটি ক্ষিপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, পরবর্তী সময়ে আন্তর্জাতিক মানব পাচারকারীদের মাধ্যমে কিশোর হুমায়ুনের ওপর নির্মম নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয় এবং তার মরদেহ সাগর বা নদীতে ভাসিয়ে দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়।
চাঞ্চল্যকর এ হত্যা ও মানব পাচার মামলায় আলী আহমদ ২ নম্বর এজাহারনামীয় আসামি হিসেবে অভিযুক্ত।
গ্রেফতার আলী আহমদ (৪০) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর পুকুরিয়া গ্রামের মৃত সোনা আলীর ছেলে।
গ্রেফতারের পর আলী আহমদকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮