শওকত আলম, ককসবাজার প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁও বাজারে এক ভাড়াটিয়ার বিরুদ্ধে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। অভিযুক্ত জয়নাল আবেদীন ঈদগাঁও ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের জাগির পাড়া এলাকার বাসিন্দা ও কবির আহমেদের পুত্র।
বুধবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডেভেলপার কোম্পানি ও দোকানের প্রকৃত মালিক সপ্না ভট্টাচার্য এ অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, ২০১৫ সালে জয়নাল আবেদীন দোকানটি ভাড়া নেন এবং প্রথম কয়েক মাস নিয়মিত ভাড়া পরিশোধ করেন। তবে পরবর্তীতে তিনি ভাড়া দেওয়া বন্ধ করে দোকানটি দখলে নেন।
ভুক্তভোগীদের অভিযোগ, দোকান ছেড়ে দেওয়ার কথা বললে জয়নাল আবেদীন উল্টো বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেন। ভাড়া আদায়ের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার বিচার চাওয়া হলেও কোনো সুরাহা হয়নি বলেও জানান তারা।
দোকানের মালিক সপ্না ভট্টাচার্য বলেন, “দোকানটি আমাদের পৈতৃক সম্পত্তি। আমাদের নামে আরএস ও বিএস খতিয়ান রয়েছে। আমরা নিয়মিত সরকারের কাছে খাজনা দাখিলা দিয়ে আসছি। সংখ্যালঘু হওয়ায় ভাড়া আদায় করতে গেলে বারবার হুমকির মুখে পড়তে হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, ১০ ফেব্রুয়ারি একটি অনলাইন ফেসবুক পেইজে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়। এর প্রতিবাদে ১১ ফেব্রুয়ারি পুনরায় সংবাদ সম্মেলন করে মালিক পক্ষ এসব অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
ডেভেলপার কোম্পানির পরিচালক সরওয়ার কামাল বলেন, “আমরা জায়গা-জমি বা দোকান ক্রয়ের আগে বিস্তারিত যাচাই-বাছাই করি। ভাড়াটিয়া জয়নাল আবেদীন আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন এবং আমাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন। আমরা প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।”
এ ঘটনায় স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮