শওকত আলম, কক্সবাজার:
কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড় সড়কে আবারও সংঘবদ্ধ ডাকাত দলের তাণ্ডবের ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে হিমছড়ি ঢালায় সংঘটিত এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীকে অপহরণ করেছে ডাকাতরা।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, দুই আরোহী মোটরসাইকেলযোগে ঈদগড় থেকে ঈদগাঁওয়ের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। দীর্ঘদিন ধরে ডাকাতির হটস্পট হিসেবে পরিচিত হিমছড়ি ঢালায় পৌঁছালে সংঘবদ্ধ ডাকাত দলের কবলে পড়েন তারা। এসময় অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল থামিয়ে দুই আরোহীকে অপহরণ করে নিয়ে যায় ডাকাতরা।
পরে স্থানীয় সাংবাদিক আবুল কাসেম নিশ্চিত করেন, অপহৃতরা হলেন—ঈদগড় পূর্ব রাজঘাট ৪ নং ওয়ার্ডের আব্দু শুক্কুরের ছেলে মোক্তার আহমদ (৩০) এবং ঈদগড় চরপাড়া ৩ নং ওয়ার্ডের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে হেলাল উদ্দিন (২৬)।
এ বিষয়ে ঈদগাঁও থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন,
“খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আমি নিজেও ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অপহৃতদের উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারে ইতোমধ্যেই অভিযান শুরু হয়েছে।”
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮