শওকত আলম, কক্সবাজার,
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের সবার পরিচয় জানা যায়নি।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা-সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঈদগাঁও থেকে চকরিয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়।
গুরুতর আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহত অপর ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর সিএনজিচালিত অটোরিকশাটি বাসের নিচে আটকে যায়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত উদ্ধার তৎপরতা চালায়।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাযদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঈদগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
এদিকে, ভয়াবহ এ দুর্ঘটনায় ঈদগাঁওসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকায় যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮