শওকত আলম, কক্সবাজার,
কক্সবাজারের ঈদগাঁওয়ে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মসজিদে সচেতনতামূলক বক্তব্য দিয়েছেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার।
শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) জুমার নামাজ শেষে ঈদগাঁও থানাধীন ইসলামপুর ইউনিয়নের পশ্চিম খানঘোনা জামে মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তিনি এ বক্তব্য দেন।
বক্তব্যে ওসি মাদকদ্রব্যের ভয়াবহতা, কিশোর গ্যাংয়ের ক্রমবর্ধমান নেতিবাচক প্রভাব এবং বাল্যবিবাহের সামাজিক, পারিবারিক ও আইনগত ক্ষতিকর দিক তুলে ধরেন। তিনি বলেন, এসব অপরাধ ব্যক্তি ও পরিবারকে বিপর্যস্ত করার পাশাপাশি সমাজের শান্তি-শৃঙ্খলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে শুধু পুলিশের একার পক্ষে সফল হওয়া সম্ভব নয়। এ জন্য অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল ও দায়িত্বশীল হতে হবে। পাশাপাশি শিক্ষক, ইমাম, ধর্মীয় নেতা এবং এলাকার সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এ সময় কোথাও মাদক ব্যবসা, কিশোর গ্যাংয়ের তৎপরতা কিংবা বাল্যবিবাহের আয়োজনের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
বক্তব্যে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সামাজিক অপরাধ নির্মূল এবং নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮