শওকত আলম, কক্সবাজার,
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। পলাতক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে এবার প্রকাশ্য দিবালোকে ইসলামাবাদ রেলস্টেশনে বিক্ষোভ করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় প্রচার-প্রচারণায় সক্রিয় রয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ইরফানুল করিম।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে ইসলামাবাদ রেলস্টেশনে বিক্ষোভের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি ইরফানুল করিমের ফেসবুক আইডি থেকে প্রচার করা হয়েছে। স্থানীয়ভাবে প্রচার রয়েছে, তিনি বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।
প্রচারিত ভিডিওতে জেলা ছাত্রলীগের সদস্য সাইফুল ইসলাম শাকিল এবং উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি পালনের কথা উল্লেখ রয়েছে। এতে শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।
তবে ভিডিওটি ঠিক কখন ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওচিত্রে দিনের আলোতে ইসলামাবাদ রেলস্টেশন এলাকায় বিক্ষোভের দৃশ্য দেখা গেছে। স্থানীয় সূত্রের দাবি, আগের কর্মসূচিগুলোতে অংশগ্রহণকারীদের মুখোশ পরিহিত অবস্থায় দেখা গেলেও এবার প্রকাশ্যেই মুখ খোলা রেখে বিক্ষোভ করেছেন তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ইরফানুল করিম
দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় কর্মকাণ্ড ও প্রচার-প্রচারণায় সক্রিয় রয়েছেন ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি ইরফানুল করিম। তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার পাশাপাশি বিভিন্ন পোস্ট, পোস্টার ও প্রচারণার মাধ্যমে দলীয় নেতা-কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছেন বলে তার অনুসারীদের প্রচারিত পোস্টে দেখা গেছে।
সম্প্রতি শেখ হাসিনার ছবি সংবলিত একটি পোস্টার প্রচার করে আলোচনায় আসেন তিনি। ওই পোস্টারে লেখা রয়েছে, ‘গ্রেফতার, নির্যাতন, এমনকি হত্যা করলেও ডিসেম্বরে দেশে ফিরব—জননেত্রী শেখ হাসিনা।’
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার পক্ষে নিয়মিত প্রচার চালিয়ে আসছেন বলে তার দলীয় অনুসারীদের দাবি। দলের কঠিন সময়ে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সাহস ও ভরসা জোগাতে তিনি সক্রিয় রয়েছেন বলেও প্রচার করা হচ্ছে।
এ ছাড়া গভীর রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইরফানুল করিমের নির্দেশনায় তৃণমূলের নেতা-কর্মীরা মশাল মিছিল বের করেছেন বলে সংশ্লিষ্ট দলীয় প্রচারণায় দাবি করা হয়েছে। ওই কর্মসূচিতে বিভিন্ন স্লোগান দেওয়ার কথাও উল্লেখ রয়েছে। তবে এসব কর্মসূচির সময়, স্থান ও অংশগ্রহণকারীদের বিষয়ে স্বাধীনভাবে সব তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
দল ক্ষমতায় থাকাকালীন সময়েও শেখ হাসিনার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন ও দলীয় কর্মকাণ্ডে তিনি সক্রিয় ছিলেন বলে তার অনুসারীদের বক্তব্য।
এ বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, তিনিও সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্ষোভের একটি ভিডিও পেয়েছেন। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের তৎপরতার অভিযোগ উঠছে। এর আগে রাতের আঁধারে মুখোশ পরে বিক্ষোভের অভিযোগও পাওয়া যায়। এদিকে নাশকতার চেষ্টা-সংশ্লিষ্ট অভিযোগে ঈদগাঁও থানায় পুলিশ বাদী হয়ে দায়ের করা একটি মামলায় দুইজনকে আটক করে কারাগারে পাঠিয়েছে।
সাম্প্রতিক প্রকাশ্য বিক্ষোভ, সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় প্রচারণা এবং মশাল মিছিলের খবর ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে এসব কর্মকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং এর পেছনে কী ধরনের সাংগঠনিক পরিকল্পনা রয়েছে, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে পরিষ্কার হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮