শওকত আলম, ঈদগাঁও কক্সবাজার,
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার দক্ষিণ মাইজপাড়া এলাকায় ইয়াছমিন আকতার (২৫) নামে দুই সন্তানের জননী এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত ইয়াছমিন আকতার ঈদগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মাইজপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় ইলেকট্রিশিয়ান হামিদুর রহমানের স্ত্রী। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। নিহতের বাবার বাড়ি একই ইউনিয়নের ভোমরিয়া ঘোনা এলাকায়।
স্থানীয় জনপ্রতিনিধি ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে স্বামী হামিদুর রহমান কাজে চলে যাওয়ার পর ঘরের ভেতর থেকে শিশু সন্তানের কান্নার শব্দ শুনতে পান পরিবারের সদস্যরা। পরে নিহতের ভাশুর বিকল্প উপায়ে ঘরে প্রবেশ করে ইয়াছমিনকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। এ সময় মরদেহের পাশেই শিশু সন্তানকে কান্নারত অবস্থায় পাওয়া যায়।
খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ নিজেদের হেফাজতে নেয়।
প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে এটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশি তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮