শওকত আলম, কক্সবাজার,
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার কালিরছড়া এলাকার কানছিরা ঘোনায় অভিযান চালিয়ে আনুমানিক দুই লাখ ঘনফুট অবৈধ বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংছিনু মারমার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কহিনুর আক্তার, মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেন, বিট কর্মকর্তা রাকিবুল ইসলামসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুত করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে আনুমানিক দুই লাখ ঘনফুট বালু জব্দ করা হয়।
জব্দ করা বালু পরবর্তী সময়ে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
এদিকে, অবৈধভাবে বালু উত্তোলন ও মজুতের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রশাসনের এমন উদ্যোগকে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮