শওকত আলম, কক্সবাজার
কক্সবাজারের বহুল আলোচিত ঈদগাঁও–ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় অন্যতম সন্দেহভাজন আসামি মো. ইমাম হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। অভিযানে তাঁর কাছ থেকে একটি ব্যবহৃত অ্যান্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম হাসনাকাটা এলাকায় ‘হাসনাকাটা সবুজ বাংলা যুব সমাজ’ কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫ সদর ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ইমাম হোসেন রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসনাকাটা এলাকার মৃত মোক্তার আহাম্মদের ছেলে।
এসআরবি-১৫-এর প্রাথমিক অনুসন্ধান সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর ঈদগাঁও–ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা নামক পাহাড়ি এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় ইমাম হোসেনের সম্পৃক্ততার সন্দেহ রয়েছে। এ ঘটনায় ঈদগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, জঙ্গিবাদ, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের মতো অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে ব্যাটালিয়নটি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮