দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
ইসলামি মূল্যবোধের কথা বলে ইসলামের বুকে ছুরি না মারতে জামায়াতে ইসলামীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, ইসলামি রাজনীতির দাবি করলেও জামায়াতের কর্মকাণ্ডে ইসলামের সঙ্গে দ্বিচারিতা দেখা যাচ্ছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
রাশেদ খান বলেন, ইসলামি মূল্যবোধের প্রচার কীভাবে করতে হয়, তা হেফাজতে ইসলামের কাছ থেকে জামায়াতের শেখা উচিত। জামায়াতের রাজনৈতিক বক্তব্যে জাতি বিভ্রান্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সরকারকে সহযোগিতা না করে সরকার পতনের আন্দোলনের উদ্যোগ নেওয়া হচ্ছে। ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রেখে রাষ্ট্র পুনর্গঠনে সবার ভূমিকা রাখা প্রয়োজন।
জামায়াতের বক্তব্য ও কর্মকাণ্ডে অসংগতির অভিযোগ তুলে রাশেদ খান বলেন, আওয়ামী লীগ ও জামায়াতের ভাষার মধ্যে এখন কোনো পার্থক্য নেই। ডিসেম্বর মাসে সরকার পতনের আন্দোলন হলে জনগণ তা প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় হেফাজতে ইসলামের আমির তারেক রহমানের জন্য দোয়া করেছেন এবং বিএনপি ও দেশের মানুষকে ইসলামী মূল্যবোধের ওপর বিশ্বাস রাখার আহ্বান জানিয়েছেন বলে জানান রাশেদ খান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮