আন্তর্জাতিক ডেস্ক,
ফিলিস্তিনিদের ওপর হামলা ও সহিংসতায় জড়িত ইসরাইলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিসের বিল আনার পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তবে এ উদ্যোগকে ‘অপর্যাপ্ত’ উল্লেখ করে ইসরাইলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের জন্য ডেমোক্রেটিক পার্টির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মামদানি বলেন, যেসব বসতি স্থাপনকারী অসংখ্য ফিলিস্তিনির জীবন ও জীবিকা ধ্বংস করছে, তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক পদক্ষেপ। তবে এর চেয়েও সামনে এগোতে হবে। বিভিন্ন মার্কিন প্রশাসনের অধীনে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র বিলিয়ন বিলিয়ন ডলার অর্থায়ন করে আসছে। এই বাস্তবতা মোকাবিলা করার সময় এসেছে। এখনই ভিন্ন পথে হাঁটতে হবে।
উল্লেখ্য, আগামী জানুয়ারিতে মার্কিন প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার হওয়ার কথা রয়েছে হাকিম জেফ্রিসের। তিনি জানিয়েছেন, নতুন কংগ্রেসের অধিবেশন শুরুর প্রথম ১০০ দিনের মধ্যেই ইসরাইলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিল উত্থাপন করবেন।
দখলকৃত পশ্চিম তীরে সহিংসতার জন্য বসতি স্থাপনকারীদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি ইসরাইলের প্রতি ওয়াশিংটনের নীতি ও সামরিক সহায়তা পুনর্বিবেচনার দাবি ডেমোক্রেটিক পার্টির ভেতরে ক্রমেই জোরালো হচ্ছে। এর মধ্যেই মামদানি এ অবস্থান তুলে ধরলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮