আন্তর্জাতিক ডেস্ক,
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রমের সময় সমুদ্র মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাঙ্কার বিকল হয়ে পড়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ট্যাঙ্কার দুটি প্রণালির একটি ‘অবৈধ পথ’ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় মাইনের আঘাতে জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হলে সেগুলোর কর্মীদের সরিয়ে নিতে বাধ্য করা হয়। পরে ট্যাঙ্কার দুটি মার্কিন পরিচালকদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।
বিবৃতিতে আরও বলা হয়, মাইন পাতা ওই পথ ব্যবহার করলে বিপদের আশঙ্কা রয়েছে—এ বিষয়ে আইআরজিসির নৌবাহিনী আগেই সতর্ক করেছিল।
আইআরজিসির দাবি, সতর্কতা উপেক্ষা করে যারা আইনসম্মত নৌপথের পরিবর্তে যুক্তরাষ্ট্রের প্ররোচনায় ঝুঁকিপূর্ণ পথে চলাচল করছে এবং তাদের জাহাজ ‘শত্রুভাবাপন্নদের’ হাতে তুলে দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সংস্থাটি আরও হুঁশিয়ারি দিয়েছে, সংশ্লিষ্ট শিপিং কোম্পানিগুলোর বিরুদ্ধে ঘোষিত শাস্তিমূলক ব্যবস্থা খুব শিগগিরই কার্যকর করা হবে।
তবে ট্যাঙ্কার দুটি ঠিক কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮