ইবি প্রতিনিধি:
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য সাইকেল র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র্যালি শেষে সমাবেশে নেতৃবৃন্দ একটি দুর্নীতিমুক্ত, ইনসাফপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং জাতীয় গণমাধ্যমের বর্তমান ভূমিকা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে সাইকেল র্যালিটি শুরু হয়। র্যালিটি ক্যাম্পাস সংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় র্যালিতে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি এবং সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা অংশ নেন।
সমাবেশে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলী বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ১৯৭৭ সালে একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। সেই মিশন হলো একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো দুর্নীতি, হত্যা, খুন, রাহাজানি ও চাঁদাবাজি থাকবে না। কেবল সৎ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির মাধ্যমেই সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।”
তিনি আরও বলেন, “বর্তমান ক্যাম্পাস মিডিয়াগুলো ভালো ভূমিকা রাখলেও জাতীয় মিডিয়াগুলো ইতোমধ্যে দালালি শুরু করে দিয়েছে। অনেক সত্য সংবাদ তারা ভয়ের কারণে প্রকাশ করছে না। হাসিনাকে যেভাবে মিডিয়া ফ্যাসিবাদে রূপ দিয়েছিল, নতুন কোনো দলকে যেন মিডিয়া ফ্যাসিবাদে রূপ না দেয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।”
ইউসুব আলী আরও বলেন, “আগামী নির্বাচনে এমন ব্যক্তিকে ক্ষমতায় নিয়ে আসার প্রচেষ্টা করতে হবে, যারা ইনসাফ প্রতিষ্ঠা ও মানুষের অধিকার নিয়ে কাজ করবেন। আমরা আশা করি, যে দল আগামীতে ক্ষমতায় আসবে তারা কর্মমুখী শিক্ষাব্যবস্থা প্রবর্তন করবে।”
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮